কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। শপথ গ্রহণের পর নিজ এলাকায় এসে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বারের বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যার কথা শোনেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, কেউ নির্ধারিত সীমানার বাইরে এসে চাঁদা তুলতে চাইলে তাকে আটক করে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতে হবে। প্রয়োজনে খুঁটির সঙ্গে বেঁধে রাখারও পরামর্শ দেন তিনি, যাতে আইনশৃঙ্খলা বাহিনী এসে ব্যবস্থা নিতে পারে।
সংসদ সদস্য বলেন, একটি নির্দিষ্ট ইজারার আওতায় যারা বাজার পরিচালনা করবেন, তারা শুধুমাত্র নির্ধারিত এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে পারবেন। এর বাইরে গিয়ে কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি এক ইজারাদারকে মুঠোফোনে সতর্ক করে দেন এবং পরিষ্কারভাবে জানান, দেবিদ্বারে কোনো অনিয়ম বা অতিরিক্ত চাঁদা আদায় সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা সংসদ সদস্যের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাজার এলাকায় দীর্ঘদিনের চাঁদাবাজির সমস্যার স্থায়ী সমাধান হবে।
