মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিও: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তাকে বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কথাও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে
মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিও: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ…..
তিনি জানান, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং সেটি মূলত একটি ক্লোজড গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে পরে এটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নিয়ে দুঃখ প্রকাশ করে হাসনাত বলেন, “ভিডিওটির জন্য আমি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এমন কাজ করা কোনোভাবেই উচিত হয়নি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—সেই বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে উল্লেখ করেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার সংস্কৃতি তারা সমর্থন করেন না। বরং সুস্থ, সহনশীল এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ এক শিশুকে প্রশ্ন করেন— “মির্জা আব্বাস কী?” জবাবে শিশুটি বলে, “মির্জা আব্বাস চাঁদাবাজ।” এই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার দুঃখ প্রকাশ করলেন এনসিপির এই নেতা।
