Uncategorized

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ নাহিদ ইসলামের, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সরকার দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে দলীয় প্রভাবের অধীনে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রবণতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে। তার মতে, রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত না থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ নাহিদ ইসলামের, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি…..

তিনি আরও বলেন, “জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে গতি থাকার কথা ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না।” এই পরিস্থিতিতে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দ্রুত এ পরিষদ গঠন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান এবং এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ব্রিটেন, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনার এবং ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ফিলিস্তিন, স্পেন ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা অংশ নেন।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক সেলের উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুমসহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *