দেশের পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল
দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন থেকে বিরত থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেস সচিবের তথ্য অনুযায়ী, আগামী ৮ মার্চ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল আয়োজনের সময়সূচি নির্ধারিত ছিল। তবে প্রধানমন্ত্রী মনে করছেন, এ সময় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে দেশের মানুষের কল্যাণ ও সেবামূলক কাজে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
দেশের পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল…..
তবে পূর্বনির্ধারিত সব আয়োজন বাতিল করা হয়নি। অতিরিক্ত প্রেস সচিব জানান, আগামী ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম ও ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এসব অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে অতিথিদের সঙ্গে সময় কাটাবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।
