জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার একচুলও সরে আসবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন করা হবে না। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সামান্য সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে তিনি সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ধাপে ধাপে সব প্রতিশ্রুতিই পূরণ করা হবে।
জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার একচুলও সরে আসবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান….
তিনি আরও বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। মহান আল্লাহর কাছে এজন্য শুকরিয়া আদায় করছি। ব্যক্তিগতভাবেও এটি আমার জন্য আবেগঘন একটি মুহূর্ত। বিএনপি ও বর্তমান সরকারের জন্যও দিনটি স্মরণীয় হয়ে থাকবে।” দীর্ঘদিনের পরিকল্পনার ফল হিসেবেই আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সক্ষম করে তুলতেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
