Uncategorized

বিয়ের আনন্দযাত্রা রূপ নিল মৃত্যুযাত্রায়: রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩

বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে। বাস ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে বর, কনেসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বর সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, কনে মার্জিয়া আক্তার (মিতু), মিতুর বোন লামিয়া, নানি এবং মাইক্রোবাসের চালকসহ মোট ১৩ জন। দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাইব্রিজ এলাকায় দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসটির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

বিয়ের আনন্দযাত্রা রূপ নিল মৃত্যুযাত্রায়: রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩….

নিহত কনে মার্জিয়া আক্তারের মামা আবু তাহের জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় মার্জিয়ার সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসে করে নবদম্পতি মোংলার উদ্দেশে রওনা দেন। পথে রামপালের বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। বেলাইব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, এ পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা আরও একজন পরে মারা যান।

হাসি-আনন্দে ভরা নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল যে যাত্রায়, সেই পথই মুহূর্তে পরিণত হলো এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *