চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পরিকল্পনায় এসেছে কিছুটা ভিন্নতা। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ আসন পাওয়ার পর অধিকাংশ শীর্ষ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। একই দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এসব কর্মসূচি বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির প্রচার বিভাগ।
এদিকে, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঢাকায় ঈদ উদযাপন করবেন। অপর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিজ গ্রামে এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায় ঈদ করবেন।
দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে মাওলানা এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ গ্রামে, ড. হামিদুর রহমান আযাদ ঢাকায় এবং মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ গ্রামে, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ঈদ করবেন।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, আবদুর রব ঢাকায়, সাইফুল আলম খান মিলন ঢাকায় এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দও ঢাকায় ঈদ উদযাপন করবেন।
এছাড়া অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বগুড়ায়, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ সাতক্ষীরার নিজ গ্রামে, মোবারক হোসাইন ঢাকায়, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে নিজ গ্রামে এবং ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন ঢাকায় ঈদ করবেন।
অন্যদিকে, ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালীর বাউফলে নিজ গ্রামে এবং ড. মুহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুরের নিজ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে দলটির মিডিয়া বিভাগ জানিয়েছে।
সব মিলিয়ে, এবারের ঈদে দলটির শীর্ষ নেতাদের নিজ নিজ এলাকায় উপস্থিতি তৃণমূলের সঙ্গে সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
