জ্বালানি তেলের চোরাচালান ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
চিফ হুইপ জানান, বৈঠকে জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল চোরাচালান রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ঈদ উপলক্ষে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনাগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অধ্যাদেশ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, এদিন বৈঠকে তা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে আগামীকাল রবিবার অধিবেশন শুরুর আগে সরকার দলের বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
