Friday, April 3, 2026
Latest:
Uncategorized

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। পরিস্থিতি সামাল দিতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত থাকবে। জরুরি এই সিদ্ধান্তটি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে জারি করা হয়েছে এবং তা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত…..

এদিকে, হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার টিকাদান কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা কার্যক্রমের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ইতোমধ্যে এই নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হামের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *