৭০ শতাংশ জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়: মামুনুল হক
রাজনৈতিক বাস্তবতায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করে ক্ষমতার আসনে থাকা যায় না, আর যদি কেউ তা করার চেষ্টা করে, তবে জনগণ রাজপথেই তার জবাব দেবে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত ১১ দলীয় ঐক্য জোটের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭০ শতাংশ জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়: মামুনুল হক………
মামুনুল হক তার বক্তব্যে আরও বলেন, জনগণের ম্যান্ডেটকে অগ্রাহ্য করে কিংবা আদালতের আড়ালে রেখে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা দেশের মানুষ মেনে নেবে না। তিনি সতর্ক করে দেন, “গণরায়ের প্রতি অবহেলা দেখালে জনগণ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলবে।”
রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। বিশেষ করে বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, দলটি প্রকাশ্যে এক ধরনের অবস্থান নিলেও আড়ালে ভিন্ন আচরণ করছে। তার ভাষায়, এ ধরনের দ্বৈত আচরণ দেশের রাজনীতিতে আস্থার সংকট তৈরি করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর নেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আকতার হোসেন এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।
