Friday, April 10, 2026
Latest:
Uncategorized

সংরক্ষিত নারী আসনে মনোনয়নে যোগ্যতা ও আন্দোলনের ভূমিকার ওপর জোর দিচ্ছে বিএনপি

সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় রিজভী জানান, আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ফরম বিক্রি চলবে। ফরম সংগ্রহের জন্য নির্ধারিত মূল্য ২ হাজার টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নে যোগ্যতা ও আন্দোলনের ভূমিকার ওপর জোর দিচ্ছে বিএনপি……….

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে ফরম সংগ্রহ করতে আসছেন। তবে চূড়ান্ত মনোনয়ন দেবে দলের পার্লামেন্টারি বোর্ড। গত ১৬-১৭ বছরে যারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হবে। পাশাপাশি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদে কার্যকর অংশগ্রহণের সক্ষমতাও গুরুত্ব পাবে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে রিজভী বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে গঠনমূলক আলোচনা অত্যন্ত জরুরি, আর সেটিই গণতন্ত্রের শক্তিকে আরও সুদৃঢ় করে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য আগামী ১২ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *