আন্তর্জাতিক প্রভাব থেকে মুক্ত নয় দেশ, বাস্তবতার সঙ্গে স্লোগানের অমিল: জামায়াত আমির
বাংলাদেশ এখনও আন্তর্জাতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে এগোতে পারছে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ পরিচালনায় যে স্লোগান দেওয়া হয়, তার সঙ্গে বাস্তবতার বড় ধরনের অমিল রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক প্রভাব থেকে মুক্ত নয় দেশ, বাস্তবতার সঙ্গে স্লোগানের অমিল: জামায়াত আমির………..
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। তার ভাষায়, “সমাজ যেন এক ধরনের গোজামিলের মধ্য দিয়ে চলছে। আমরা অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছি। মনে রাখতে হবে, অন্যায়ের পরিণতি একসময় সবাইকে ভোগ করতে হয়।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যহীন বক্তব্য দিচ্ছে। “সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ যেন তেলের ওপর ভাসছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে,”—বলেন তিনি।
সেমিনারে বক্তারা বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের কৃষিখাতে কীভাবে পড়ছে এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেন। তারা টেকসই নীতি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
