Monday, April 13, 2026
Latest:
Uncategorized

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে দেশের কোথাও কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূল এলাকায় নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো—যেমন শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ এবং রমনার বটমূল—এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিয়মিত তৎপর রয়েছে।

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি………….

তিনি আরও জানান, শুধু রাজধানী নয়, সারাদেশেই নববর্ষকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং এবং বিশেষ টহল ব্যবস্থাও চালু রাখা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও বিশেষ নজর দিচ্ছে র‍্যাব। ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

র‍্যাব প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, “গত বছরের তুলনায় এবারের নববর্ষ আরও আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।” একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *