Thursday, April 16, 2026
Latest:
Uncategorized

বার কাউন্সিল নির্বাচন স্থগিত: নতুন তারিখ নিয়ে অপেক্ষায় আইনজীবীরা

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে চলমান তীব্র জ্বালানি সংকট নির্বাচনী কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বিশেষ করে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে সারাদেশে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বার কাউন্সিল নির্বাচন স্থগিত: নতুন তারিখ নিয়ে অপেক্ষায় আইনজীবীরা……………

এছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার সমিতি থেকে নির্বাচন পেছানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় কাউন্সিলের বিভিন্ন কমিটির শীর্ষ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে নির্বাচন স্থগিত হওয়ায় আইনজীবীদের মধ্যে নতুন করে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—তা নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট মহল আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *