মাদক, জুয়া ও অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে দেশজুড়ে শিগগিরই সমন্বিত বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে এই অভিযান জোরদারভাবে পরিচালিত হবে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য দেন। মন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-পরিচয় বদলে আবারও কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে সমন্বিতভাবে কাজ চলছে। জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের একটি সিসা বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ধরনের অভিযান আরও জোরদার করার অংশ হিসেবেই আসন্ন বিশেষ অভিযানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশে মাদক ও জুয়ার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
