ধান-চাল সংগ্রহের সময় এগিয়ে আনল সরকার: হাওর অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ
আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় সরকার বোরো ধান সংগ্রহ কার্যক্রম এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সারা দেশে ১৫ মে থেকে ধান সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও, বিশেষ পরিস্থিতি বিবেচনায় হাওরাঞ্চলের ছয়টি জেলায় এই কার্যক্রম ১২ দিন আগেই শুরু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (৩ মে) থেকে এসব এলাকায় ধান ও চাল সংগ্রহ শুরু হবে।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কৃষকদের ধান সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বিক্রয়ে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ধান-চাল সংগ্রহের সময় এগিয়ে আনল সরকার: হাওর অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ…………..
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওর অঞ্চলে ৩ মে থেকেই ধান ও চাল সংগ্রহ শুরু হলেও দেশের অন্যান্য জেলায় পূর্ব নির্ধারিত সময়সূচি বহাল থাকবে। অর্থাৎ, সারা দেশে ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
চলতি বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল। ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি, প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে।
সরকারি এই সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে সহায়ক হবে এবং বাজারেও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।
