পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
বৃহস্পতিবার (১৪ মে) জারি করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ছুটির সমন্বয়ের জন্য আগামী ২৩ মে শনিবার এবং ২৪ মে রবিবার অফিস খোলা থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ জরুরি সেবাখাতের কার্যক্রম চালু থাকবে। এসব খাতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।
এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব যথারীতি চলবে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও চলাচল অব্যাহত রাখবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে পৃথক নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারণ করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বলে জানিয়েছে সরকার।
