Uncategorized

টাঙ্গাইলে সারজিস আলম: ‘বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশে কোনো ব্যক্তি বা নেতার হাতে একক ক্ষমতার কেন্দ্র গড়ে উঠতে দেওয়া হবে না। তাঁর ভাষায়, “আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না।”

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলে সারজিস আলম: ‘বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না’……….

সারজিস আলম বলেন, অতীতে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে সব সমালোচনা উপেক্ষা করে একজন নেতাকে সব সময় সঠিক হিসেবে তুলে ধরা হতো। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি নয়, বরং কাজ ও জবাবদিহিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো দলের নেতা বা কর্মী যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, মাদক ব্যবসা কিংবা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত থাকেন, তাহলে দলের শীর্ষ নেতৃত্বকেও সেই দায় এড়ানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, জনগণের উচিত অন্ধ দলীয় আনুগত্যের পরিবর্তে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বকে সমর্থন করা। যারা চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে জড়িত নয়, তাদের পক্ষেই জনগণকে দাঁড়াতে হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনো দল বা প্রতীকের প্রতি অন্ধ সমর্থন নয়, বরং বিবেক ও বিচারবোধের ভিত্তিতেই ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের মর্যাদা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করা জরুরি। তাঁর দাবি, অতীতে রাজনৈতিক স্বার্থে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ন্যায়বিচারের মাধ্যমে তাদের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ক্ষমতাসীন যেকোনো রাজনৈতিক দল তাদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে পেশাগত দায়িত্ব ও নৈতিক অবস্থান অটুট রাখার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন এবং সদস্যসচিব মাসুদুর রহমান।

সমাবেশে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে মেহেদী হাসানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে দলের নেতারা ভূঞাপুর উপজেলা সদরে পদযাত্রা শেষে আরেকটি পথসভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *