বাংলাদেশ অত্যন্ত নিরাপদ, ভারতীয় দলের সফর নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম’
আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে ভারতের আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ভারতীয় দল বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।
এই সিরিজটি মূলত গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করা হয়। নতুন সূচি ঘোষণা করা হলেও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে সিরিজটি চূড়ান্ত করেনি। ফলে সফরটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।
বাংলাদেশ অত্যন্ত নিরাপদ, ভারতীয় দলের সফর নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম’……………….
বুধবার মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে এবং সিরিজটি আয়োজনের জন্য বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তামিম বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে। আমরা সবদিক থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি। আমি খুবই আশাবাদী যে ভারত বাংলাদেশে আসবে, কারণ বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ।”
নিজের দায়িত্ব ও সীমাবদ্ধতার বিষয়েও কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি জানান, বিসিবি সভাপতি হিসেবে তাঁর দায়িত্বের একটি নির্দিষ্ট আইনি পরিসর রয়েছে, যার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই সিরিজের গুরুত্ব এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
তামিম আরও বলেন, “এখন পর্যন্ত আলোচনার পরিবেশ ইতিবাচক। তবে সিদ্ধান্ত যাই হোক, সেটি দ্রুত হওয়া প্রয়োজন। আশা করছি খুব শিগগিরই ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।”
ভারতীয় দল বাংলাদেশ সফরে এলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১, ৩ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এখন ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি দুই দেশের ক্রিকেট বোর্ডের চূড়ান্ত ঘোষণার দিকে। আনুষ্ঠানিক অনুমোদন মিললে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের উত্তেজনায় মাতবে দুই দেশের ক্রিকেটাঙ্গন।
