বন্যাকবলিত চট্টগ্রাম ও কক্সবাজারে আজ প্রধানমন্ত্রীর সফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি শনিবার বিকেলে এ তথ্য জানান।
বন্যাকবলিত চট্টগ্রাম ও কক্সবাজারে আজ প্রধানমন্ত্রীর সফর………….
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময়ের জন্য বিরতি নেবেন তিনি। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনব্যাপী কর্মসূচি শেষে রোববার রাতেই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার।
