মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা: ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ। বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ অধ্যায়টাও স্মরণীয় করে রাখলেন ফুটবলের এই মহাতারকা। একটি গোলের পাশাপাশি দুটি গোলে সহায়তা করে ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত।
মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা: ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’…..
মেসির বিদায়ী এই রাতে আবেগে ভেসেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ্য করে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, তার ব্যক্তিত্ব এবং আর্জেন্টিনার প্রতি নিবেদনকে স্মরণ করেছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে রোকুজ্জো লিখেছেন, মেসির ব্যক্তিত্ব, বিনয়, দায়িত্ববোধ এবং দেশের প্রতি গভীর অঙ্গীকারই তাকে বিশ্বজুড়ে মানুষের এত ভালোবাসা ও সম্মান এনে দিয়েছে।
রোকুজ্জোর ভাষায়, “কিছু রাত থাকে, যা পুরো জীবনের গল্প বলে দেয়। গত রাতটি ছিল তেমনই একটি রাত। তোমাকে ঘিরে মানুষের এত ভালোবাসা আর অগাধ কৃতজ্ঞতা দেখতে কী যে সুন্দর লাগছিল! এই ভালোবাসা তোমার নিজের অর্জিত।”
তিনি আরও লেখেন, “নিজের ব্যক্তিত্ব, নম্রতা, দেশের প্রতি কমিটমেন্ট এবং এই জার্সির জন্য উজাড় করে দেওয়া হৃদয় দিয়ে তুমি এই ভালোবাসা গড়ে তুলেছ।”
মেসির এই দীর্ঘ ও বর্ণিল যাত্রার সঙ্গী হতে পারাকে নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন রোকুজ্জো। জীবনের এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেভাবে মেসি শেষ করেছেন, তাতেও তিনি গর্বিত ও আবেগাপ্লুত।
বার্তার শেষাংশে রোকুজ্জো বলেন, “তোমার পাশে থেকে এই পথ চলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের। জীবনের এত বড় একটি অধ্যায় তুমি যেভাবে শেষ করলে, তা দেখে সত্যিই রোমাঞ্চিত। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ! আমরা তোমাকে অনেক ভালোবাসি, লিও মেসি। সবসময় তোমার পাশে আছি।”
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বুয়েনস আয়ার্সে ছিল উৎসবের আবহ। তাকে সম্মান জানাতে নানা আয়োজনের পাশাপাশি তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরে বিশেষ ড্রোন শোরও আয়োজন করা হয়।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দিয়েগো ম্যারাডোনার পর মেসির নামও যে চিরস্থায়ী হয়ে গেছে, বিদায়ী রাতের আবেগ আর ভালোবাসাই যেন তার আরেকবার প্রমাণ দিল।
