ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা দুই বন্দীর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন—রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) এবং মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে ইফতেখার মাহমুদ (৩৬)।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু…..
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তোফাজ্জল ওরফে পলাশ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন ইফতেখার মাহমুদ। পরে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তারা কোন মামলায় এবং কী কারণে কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
