সৌদি আকাশসীমা নিয়ে হুথিদের কড়া হুঁশিয়ারি, রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) চালানো ওই হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানের জবাব হিসেবে গত ২৪ ঘণ্টায় এ হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নির্ভুলভাবে হামলা পরিচালনা করা হয়।
সৌদি আকাশসীমা নিয়ে হুথিদের কড়া হুঁশিয়ারি, রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি….
এর আগে একই দিনে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেয় হুথিরা। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমা তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
হুথিদের সতর্কবার্তায় আরও বলা হয়, এই হুঁশিয়ারি উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখলে এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না।
তবে হামলার দাবি ও বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
