রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, কারাগারে পাঠানোর নির্দেশ
- রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাঁদের আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম। তাঁদের মধ্যে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ আবাসিক হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া ওই কক্ষ থেকে ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। অভিযানকালে কক্ষটিতে অবস্থানরত দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।পুলিশ জানায়, আটক ওমর আলী এর আগেও চাকরিরত অবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। অন্যদিকে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।মামলার পর আদালতের নির্দেশে দুই আসামিকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
