মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল নিজেরাই চাপে: ইরান
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিজেদের মতো করে পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেরাই নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব।
তার দাবি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং নিজেদের স্বার্থ অনুযায়ী আঞ্চলিক পরিস্থিতি পুনর্গঠনের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং এসব পদক্ষেপের প্রভাব এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও দৃশ্যমান হতে শুরু করেছে।
মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল নিজেরাই চাপে: ইরান….
তেহরানে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হোসেইন তাইয়েব।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’
তাইয়েবের ভাষ্য, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ও রাজনৈতিক প্রভাব ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন যুক্তরাষ্ট্রের ভেতরেই নানা প্রশ্ন ও বিরোধিতার মুখে পড়ছে।
তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক মানুষের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের মধ্যে যে আন্দোলন গড়ে উঠছে, তা দেশটির পররাষ্ট্রনীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষেরই বহিঃপ্রকাশ।
ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের পেছনে বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। পাশাপাশি দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্লান্তি ও অনাগ্রহ ক্রমেই স্পষ্ট হচ্ছে।
তাইয়েবের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখা এবং অঞ্চলটির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য নতুন সংকট তৈরি করছে।
তবে বক্তব্যে তিনি এসব দাবির পক্ষে কোনো নির্দিষ্ট জরিপ বা পরিসংখ্যান তুলে ধরেননি।
