১৫০ বছর বাঁচতে চান পুতিন, বার্ধক্যের রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা
দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। তবে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর স্বপ্নকে ঘিরে এবার আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাশিয়ায় বার্ধক্যের জৈবিক রহস্য উন্মোচনে চলছে নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণা। এরই অংশ হিসেবে বয়স্ক বানরের ওপর বিশেষ পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা।
১৫০ বছর বাঁচতে চান পুতিন, বার্ধক্যের রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা….
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিজ্ঞানীরা দীর্ঘজীবী প্রাইমেটদের শরীর বিশ্লেষণ করে মানুষের বার্ধক্য প্রক্রিয়া বোঝার চেষ্টা করছেন। গবেষণার আওতায় রয়েছে রক্ত, মস্তিষ্ক, রক্তনালি এবং শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ। মূল লক্ষ্য, বয়স বাড়ার সঙ্গে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে এবং কীভাবে সেই প্রক্রিয়াকে ধীর করা সম্ভব, তা খুঁজে বের করা।
এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রুশ বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠানটিতে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘজীবী বানরদের, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর বা তারও বেশি।
সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, বানরগুলোর বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের রক্তের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির স্বাস্থ্য, মস্তিষ্কের অবস্থা এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি করা হচ্ছে মস্তিষ্কের স্ক্যানসহ নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা।
বিজ্ঞানীদের ধারণা, মানুষের সঙ্গে প্রাইমেটদের শারীরবৃত্তীয় মিল থাকায় এসব গবেষণা থেকে মানবদেহের বার্ধক্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে।
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণ। এ উদ্দেশ্যে বিশেষ বায়োব্যাংকও গড়ে তুলেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এই উদ্যোগ। কেন্দ্রটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, সংরক্ষিত নমুনা বিশ্লেষণের মাধ্যমে বার্ধক্যের পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পাওয়া সম্ভব।
পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার সম্পর্ক নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। একটি খোলা মাইক্রোফোনে ধারণ করা কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন, বায়োটেকনোলজির উন্নয়ন এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা উঠে আসে। এমনকি ভবিষ্যতে অমরত্ব অর্জন নিয়েও আলোচনা করেন তাঁরা।
পরবর্তী সময়ে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি প্রদর্শনীতে পুতিনও মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্যে দীর্ঘায়ু ও জীবনকাল বাড়ানোর বিষয়ে আগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।
তবে বানরের ওপর গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। দীর্ঘায়ু ও বার্ধক্য প্রতিরোধে দেশটিতে আরও কয়েকটি প্রযুক্তি নিয়ে কাজ চলছে। এর মধ্যে রয়েছে জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য ধীর করতে জিন থেরাপির প্রয়োগ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘায়ু ও স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা রয়েছে রাশিয়ার।
এসব গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন।
সব মিলিয়ে, মানুষের আয়ু বাড়ানো এবং বার্ধক্যকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাশিয়ায় গবেষণার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। তবে প্রাণীর শরীরে বার্ধক্যের কিছু সূত্র পাওয়া গেলেই যে তা মানুষের ক্ষেত্রে কার্যকর হবে, এমন নিশ্চয়তা নেই। একইভাবে ১৫০ বছর পর্যন্ত মানুষের বেঁচে থাকার স্বপ্নও এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো বাস্তবতা নয়।
বার্ধক্যকে জয় করার এই প্রচেষ্টা শেষ পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে কতটা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তা নির্ভর করবে ভবিষ্যৎ গবেষণা ও তার ফলাফলের ওপর।
