জাতীয়

দেশকে আর কারও পৈতৃক সম্পত্তি হতে দেব না, এই দেশ সবার: ডেপুটি স্পিকার

দেশকে আর কখনো কোনো ব্যক্তি বা পরিবারের পৈতৃক সম্পত্তি কিংবা ব্যক্তিকেন্দ্রিক শাসনের প্রতীক হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো একক ব্যক্তি বা পরিবারের নয়, এ দেশ সব মানুষের।

দেশকে আর কারও পৈতৃক সম্পত্তি হতে দেব না, এই দেশ সবার: ডেপুটি স্পিকার……..

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব-২০২৬’-এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এই দেশকে আর কখনো কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেব না। ব্যক্তিকেন্দ্রিক বাংলাদেশও আমরা চাই না। এই দেশ আমাদের সবার। কেউ যেন বলতে না পারেন, আমি এই করেছি, আমার বাবা সেই করেছেন। বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির অবদানে আসেনি; এটি এ দেশের মানুষের সম্মিলিত ত্যাগ ও সংগ্রামের ফসল।’

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হতে হবে। রাষ্ট্রের পরিচয় হবে ‘আমার দেশ’, ‘আমার ব্যক্তিগত অর্জন’ নয়। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দিন শেষ হওয়া উচিত। দেশের মানুষ অনেক কিছু দেখেছে, সহ্য করেছে। এখন সময় জেগে ওঠার।

রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতা কখনো স্থায়ী নয়। যারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে, ইতিহাসে বারবার তাদের পতন ঘটেছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না; বরং তাদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাদের ওপর শাসন চাপিয়ে দেওয়া যাবে না। কারণ এ দেশের মানুষ অন্যায়ের সঙ্গে কখনো আপস করে না।

বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে এ দেশের মানুষ অন্যায়, শোষণ ও আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলাদেশের মানুষ কখনো দাসত্ব বা পরাধীনতা মেনে নেয়নি। কোনো সাম্রাজ্যবাদী কিংবা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখলে তা হবে তাদের ভুল ধারণা। এ দেশের মানুষ সাহসী, তারা কখনো মাথা নত করে না।

স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, ১৯৭১ সালে দেশমাতৃকার স্বাধীনতার জন্য মানুষ জীবন ও রক্ত দিয়েছে। স্বাধীনতার পরও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে সংগ্রাম করতে হয়েছে। গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হলেও এ দেশের মানুষ তাদের অধিকার আদায়ের লড়াই থেকে পিছিয়ে যায়নি।

তিনি আরও বলেন, ১৯৯০ সালের গণ-আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলন পর্যন্ত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন। মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণী প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সব নাগরিককে সচেতন থাকার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, পূর্বপুরুষেরা যেভাবে দেশের প্রয়োজনে আত্মত্যাগ করেছেন এবং শিক্ষার্থীরা গণতন্ত্রের দাবিতে রাজপথে জীবন বাজি রেখেছেন, সেভাবেই প্রত্যেক নাগরিককে দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

হাজং ভাষা সংরক্ষণে বই প্রকাশ ও মন্দিরভিত্তিক শিক্ষার উদ্যোগ

অনুষ্ঠানে হাজং সম্প্রদায়ের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জানান, হাজং সম্প্রদায়ের নিজস্ব ভাষা থাকলেও দীর্ঘদিন ধরে তা লিখিতভাবে সংরক্ষণের পর্যাপ্ত উদ্যোগ ছিল না। বিষয়টি জানার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে ‘মূলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। বইটিতে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি উপস্থাপন করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম নিজেদের মাতৃভাষা শিখতে পারে এবং ভাষাটি হারিয়ে না যায়।

তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে হাজং ভাষার ব্যবহার কমে যাওয়ায় এটি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বই প্রকাশের পাশাপাশি মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এই পরিকল্পনার আওতায় প্রতিটি মন্দিরে শিশুদের হাজং ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। মায়েদের সঙ্গে মন্দিরে আসা শিশুরা যেন ছোটবেলা থেকেই নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারে, সে ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

ডেপুটি স্পিকারের মতে, একটি সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ শুধু সেই সম্প্রদায়ের দায়িত্ব নয়; বরং দেশের সামগ্রিক ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।