গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরায়েলি হামলা। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলার শিকার হন।
গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৪…….
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে খাবার ও পানীয় বিতরণের উদ্দেশ্যে গাড়িটি সেখানে যাচ্ছিল। এ সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলোর জন্য নিয়মিত খাবার ও পানীয় সরবরাহ করত। হামলার সময় গাড়িটি শিশুদের মধ্যে খাবার বিতরণের জন্য থামার প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন, দরিদ্র পরিবার ও বাস্তুচ্যুত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিরাও এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার শিকার গাড়িটির ভেতরে থাকা কিছু কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো দেখা গেছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।
এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাদের জীবনের নিত্যদিনের আতঙ্ক হয়ে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এরই মধ্যে শীতের বৃষ্টি ও আকস্মিক বন্যা গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে প্লাবিত হচ্ছে আশ্রয়শিবির ও তাঁবু। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটের মধ্যে নতুন করে বন্যার কবলে পড়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন হাজারো ফিলিস্তিনি।
যুদ্ধবিরতির মধ্যেও প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত থাকায় গাজার সাধারণ মানুষের দুর্ভোগ যেন কিছুতেই শেষ হচ্ছে না।
