যুক্তরাষ্ট্রের শুল্ক শুনানিতে বাংলাদেশের অন্যায্যতার বিষয়গুলো তুলে ধরতে হবে
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে দেশের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতে। উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা এবং শ্রম অধিকারসহ কয়েকটি বিষয়কে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে বাংলাদেশের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।
যুক্তরাষ্ট্রের শুল্ক শুনানিতে বাংলাদেশের অন্যায্যতার বিষয়গুলো তুলে ধরতে হবে……
বিশ্লেষকদের মতে, এই শুল্ক প্রস্তাবের পেছনে শুধু বাণিজ্যিক বিষয় নয়, বরং বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কমানোর কৌশলও কাজ করছে। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন শুনানিতে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরা এবং অভিযোগগুলোর যৌক্তিক ব্যাখ্যা দেওয়া জরুরি।
গত বুধবার ইউএসটিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় দীর্ঘ তদন্তের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে তৈরি পোশাক খাতকে কেন্দ্র করেই বাংলাদেশের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
এদিকে নতুন শুল্ক আরোপের প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন এর ঠিক এক দিন আগে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি নতুন শুল্কের চাপ শিল্পমালিকদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপরও একই ধরনের শুল্ক আরোপের প্রস্তাব থাকায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানে বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে। তাদের মতে, শুল্ক আরোপের পেছনে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু যুক্তির বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রস্তাব বিশ্লেষণ করলে বোঝা যায়, বিশ্ববাণিজ্যে চীনের আধিপত্য কমানোর লক্ষ্য এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়াসহ তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগী কয়েকটি দেশকে এই উদ্যোগের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, এখানে শুধু প্রতিযোগিতার সক্ষমতার প্রশ্ন নয়, বরং ন্যায্যতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিরুদ্ধে যেসব যুক্তি তুলে ধরা হয়েছে, তার কয়েকটি যথেষ্ট দুর্বল। শ্রম অধিকার নিয়ে কিছু সমস্যা থাকলেও অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগকে বাংলাদেশের বাস্তব পরিস্থিতির আলোকে বিবেচনা করা প্রয়োজন।
ড. জাহিদ হোসেনের মতে, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানাকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ধরে রাখতে হয়। জ্বালানি সরবরাহের অনিশ্চয়তায় কারখানাগুলো সব সময় পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে না। ফলে কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বাস্তবে তার সম্পূর্ণ ব্যবহার সম্ভব হয় না।
তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। এসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারক ও ভোক্তাদেরও বাড়তি মূল্য দিতে হতে পারে। এমনিতেই দেশটিতে মূল্যস্ফীতির চাপ রয়েছে। নতুন শুল্কের কারণে পণ্যের দাম আরও বাড়লে তা দেশটির অভ্যন্তরীণ বাজারেও প্রভাব ফেলতে পারে।
ড. জাহিদ হোসেন বলেন, শুল্ক প্রস্তাব নিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত পর্যালোচনা ও আলোচনার সুযোগ রয়েছে। এই সময়টিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে শুনানিতে কার্যকর ও জোরালো ভূমিকা রাখতে হবে। শুধু সরকার নয়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক আমদানিকারক ও ক্রেতাদেরও এ বিষয়ে সক্রিয় হতে হবে।
তার মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের কাছেও বাংলাদেশের অবস্থান তুলে ধরে জনমত গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ যেসব দেশ একই ধরনের শুল্ক প্রস্তাবের মুখে পড়েছে, তাদের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে অভিযোগগুলোর অসংগতি ও অন্যায্যতার বিষয়গুলো সম্মিলিতভাবে তুলে ধরা সহজ হবে।
শুল্কনীতি ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অংশ: হুমায়ুন কবির
বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অন্যতম এজেন্ডা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও দর-কষাকষি করবে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রচারণার অন্যতম প্রধান অংশ হলো বাণিজ্যনীতি। শুল্কসংক্রান্ত চুক্তিগুলোকে তারা তাদের গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগ হিসেবে বিবেচনা করছে।
তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। যেসব বিষয়কে বাংলাদেশ অযৌক্তিক বা ন্যায্যতার পরিপন্থী মনে করে, সেগুলো শুনানিতে তুলে ধরা হবে।
হুমায়ুন কবির আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই বাণিজ্যনীতি শুধু বাংলাদেশকে কেন্দ্র করে নেওয়া হয়নি। তাই কোন অভিযোগ যৌক্তিক এবং কোনটি যৌক্তিক নয়, তা তথ্য-উপাত্তের ভিত্তিতে ব্যাখ্যা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ।
বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ ইউএসটিআরের
ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিদ্যমান সেকশন ৩০১-সংক্রান্ত শুল্কের সঙ্গে নতুন শুল্ক সরাসরি যোগ করার পরিবর্তে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোও প্রস্তাব তৈরির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়গুলো সমাধানে বাংলাদেশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএসটিআরের বিশেষ বাংলাদেশ প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭-এর মাধ্যমে বাংলাদেশ রপ্তানিমুখী প্রবৃদ্ধিকে উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এর ফলে বাজারের স্বাভাবিক চাহিদার বাইরে গিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ৪৩টির বেশি রপ্তানিমুখী খাতে সরকার ০.৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দিয়ে থাকে। এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কর অবকাশ এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দেওয়া হয়।
শ্রম অধিকার ও মজুরি কাঠামো নিয়েও সমালোচনা করেছে ইউএসটিআর। সংস্থাটির দাবি, ২০২৬ সালের সংশোধিত শ্রম আইনেও শ্রমিকদের সংগঠন গঠন এবং যৌথ দর-কষাকষির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিশেষ করে ইপিজেড এলাকায় স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় কম বলেও দাবি করা হয়েছে।
চীন থেকে কাঁচামাল আমদানির ওপর বাংলাদেশের নির্ভরতার বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ইউএসটিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাঁচামালের প্রায় ৭০ শতাংশ চীন থেকে আসে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের কাঁচামাল আমদানি ৬৮ শতাংশ বেড়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ, শুল্ক এড়ানোর উদ্দেশ্যে কিছু চীনা বিনিয়োগকারী বাংলাদেশে কারখানা স্থাপন করছেন। এর ফলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার একটি অংশ বাংলাদেশ হয়ে মার্কিন বাজারে প্রবেশ করছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আগামী শুনানিতে শ্রম অধিকার, উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা এবং চীন থেকে কাঁচামাল আমদানির বিষয়ে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি ও তথ্য-উপাত্ত তুলে ধরাই হবে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
