টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার জানায়, বাংলাদেশের পরিবর্তে আসন্ন বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড। এমন তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশের জায়গায় অন্য একটি দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা ছাড়া আইসিসির আর কোনো বিকল্প ছিল না।
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড..
নিয়ম অনুযায়ী, চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলাম বুলবুলকেও পাঠানো হয়েছে।
ক্রিকবাজ জানিয়েছে, তারা ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে আইসিসি সদর দপ্তর ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে।
মূলত নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে ১৪–২ ব্যবধানে হেরে যায় বিসিবি। শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি’ (ডিআরসি)-র দ্বারস্থ হলেও এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়।
এরপর আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরই শনিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের বিদায়ে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশ হিসেবে তারাই বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের নির্ধারিত স্লটেই খেলবে স্কটিশরা।
মজার বিষয় হলো, বাংলাদেশ যে ভেন্যুগুলোতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল—কলকাতা ও মুম্বাই—সেখানেই খেলবে স্কটল্যান্ড। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।
