চাঁনখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার মামলার রায় আজ
ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থানের দিন রাজধানীর চাঁনখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ সোমবার (২৬ জানুয়ারি) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
চাঁনখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার মামলার রায় আজ…
এর আগে গত ২০ জানুয়ারি মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনাল তা পিছিয়ে ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলাটিতে মোট আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে গ্রেফতার রয়েছেন এবং চারজন পলাতক।
গ্রেফতার আসামিরা হলেন—শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।
পলাতক চার আসামি হলেন—সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা বিভাগের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা সরকারের পতনের দিন চাঁনখারপুল এলাকায় সংঘটিত সহিংসতায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। এ মামলার রায়ের দিকে নিহতদের পরিবারসহ দেশবাসী তাকিয়ে রয়েছে।
