ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজযাত্রীদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যদি আমরা সে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের পদত্যাগ করা উচিত।”
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে রাজধানীর আশকোনায় হজক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে মন্ত্রী হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি, থাকা-খাওয়া এবং অন্যান্য সুবিধা নিয়ে খোঁজখবর নেন। তিনি সরাসরি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা শোনেন। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও হাজী ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন, যা সংশ্লিষ্টদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। এই ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী অংশ নেবেন। ইতোমধ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।
হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্বিঘ্নে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
