ভূমধ্যসাগরে নৌকাডুবি: অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু আশঙ্কা
ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় ডুবে যাওয়া নৌকাটির মাত্র একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা জানিয়েছে, উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। মাল্টার সামরিক বাহিনীর বরাতে জানানো হয়, তিনি প্রায় ২৪ ঘণ্টা ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। তিউনিশিয়ার দিকে যাচ্ছিল এমন একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।
উদ্ধার ব্যক্তি জানান, নৌকাটিতে তার সঙ্গে থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে তিনি ধারণা করছেন। তবে তার পরিচয় কিংবা নৌকায় থাকা অন্য যাত্রীদের নাগরিকত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি
।ভূমধ্যসাগরে নৌকাডুবি: অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু আশঙ্কা…
প্রতিবেদনে বলা হয়, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এসব যাত্রা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নেয়।
গত এক দশকে এই অভিবাসনপথে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৩ হাজার ৩২৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত এই সাগরে ২৬ জন নিহত বা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। আর ২০২৫ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৮৭৩ জন।
মানবিক বিপর্যয়ে পরিণত হওয়া এই অভিবাসন সংকট আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
