Uncategorized

কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা! চাঞ্চল্যকর দাবি সেই ওঝার

চলতি বিশ্বকাপে একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন ঘানার আলোচিত ওঝা কোয়াকু বনসাম। ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী কাকতালীয়ভাবে মিলে যাওয়ার পর এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে দিয়েছেন আরও বিস্ফোরক এক ভবিষ্যদ্বাণী।

বনসামের দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরেই বনসাম দৃঢ়ভাবে দাবি করেছেন, এবারের আসরে আর্জেন্টিনার যাত্রা থামিয়ে দেবে কেপ ভার্দে।

কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা! চাঞ্চল্যকর দাবি সেই ওঝার………..

এর আগে গ্রুপপর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে দেওয়া তার মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। বনসাম বলেছিলেন, তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এমন ব্যবস্থা করছেন যাতে চোট না পেলেও কেইন ঘানার বিপক্ষে গোল করতে না পারেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোলের দেখা পাননি এবং ইংল্যান্ড-ঘানার লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

মজার বিষয় হলো, চলতি বিশ্বকাপে সেটিই ছিল বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকারের একমাত্র গোলহীন ম্যাচ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বনসামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘানার ম্যাচ শেষে বনসাম নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা দাবি করে বলেন, ম্যাচ শেষ হওয়ার পর তিনি কেইনকে তার করা ‘জাদু’ থেকে মুক্ত করে দিয়েছেন, কারণ কেইন তার শত্রু নন। এমনকি নিজের এক সন্তানের নাম ‘হ্যারি’ রাখার ইচ্ছার কথাও জানান তিনি।

বনসামের সেই মন্তব্যের পরই পানামার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পান হ্যারি কেইন। আর এবার আর্জেন্টিনাকে নিয়ে তার নতুন ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটিই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচে সত্যিই কি ঘটবে অঘটন, নাকি বনসামের ভবিষ্যদ্বাণী প্রমাণিত হবে ভুল—সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *