ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: মামলা, তিন পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সংশ্লিষ্ট এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: মামলা, তিন পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন…………..
বর্তমানে নাঈম হাসান চিকিৎসা গ্রহণের পর নিজ বাসায় অবস্থান করছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে ফেরেন নাঈম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে লালখানবাজার ফ্লাইওভারের মুখে তাকে গাড়ি থেকে নামানো হয়। অভিযোগ অনুযায়ী, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি পুলিশ গাড়িতে তোলেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।
নাঈম হাসানের দাবি, শুরুতে তাকে তল্লাশি করা হয়। পরে সাদা পোশাকে থাকা একজন ব্যক্তি ও দুই পুলিশ সদস্য তার ওপর চড়াও হন। তিনি নিজের পরিচয় দেওয়ার পরও মারধর ও হেনস্তা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেলসহ অভিযানে অংশ নেওয়া আরেক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি অভিযানে জড়িত পুরো দলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “ক্রিকেটার নাঈম হাসান অবশ্যই ন্যায়বিচার পাবেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্য যদি অনিয়মে জড়িত থাকেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, তাই আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”
তিনি আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
