Uncategorized

জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি জামায়াত, দাবি শফিকুর রহমানের

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে জামায়াতে ইসলামী কখনো দাবি করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দলটির কোনো নেতাকেও কখনো উপস্থাপন করা হয়নি এবং এ ধরনের দাবি থেকেও দল সবসময় বিরত থেকেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন এবং আহত আন্দোলনকারীদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি জামায়াত, দাবি শফিকুর রহমানের……….

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে জামায়াতের কতজন সদস্য শহীদ হয়েছেন, সে বিষয়েও দল কখনো রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। তার ভাষায়, আন্দোলনে কারা কী ভূমিকা রেখেছেন, সে বিষয়ে দেশের মানুষই প্রকৃত সাক্ষী।

তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের সূচনালগ্ন থেকেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল। দেশের প্রয়োজন ও জনগণের স্বার্থে দলটি বারবার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে আহত আন্দোলনকারীদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে বলেন, হামলা ও নির্যাতনের মুখেও তারা আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াননি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। বরং আন্দোলনের চেতনা বাস্তবায়নের পরিবর্তে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও বৈষম্যমূলক প্রবণতা আরও বেড়েছে বলে তার দাবি। এ ধরনের পরিস্থিতিকে তিনি জাতির জন্য উদ্বেগজনক ও লজ্জাজনক বলে অভিহিত করেন। তার অভিযোগ, বর্তমান সরকারও অনেক ক্ষেত্রে আগের সরকারের নীতির ধারাবাহিকতা বজায় রেখেছে।

গণভোটের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আপস করার জন্য জামায়াতকে বিভিন্ন ধরনের প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছিল। তবে দলটি সেসব প্রত্যাখ্যান করেছে। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে এবং রাজপথে—উভয় ক্ষেত্রেই দল তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে।

তিনি সরকারের প্রতি জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, জনরায় উপেক্ষা করা হলে তা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বক্তব্যের শেষদিকে তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা এবং জনগণের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলা ও নির্যাতন আন্দোলনকারীদের ন্যায়সংগত দাবি আদায়ের পথ থেকে বিচ্যুত করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *