দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তেল রিফাইনারি মালিক এবং আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে চলমান অস্থিরতার কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর। বাংলাদেশে সয়াবিন তেল সম্পূর্ণভাবে আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।
তিনি জানান, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। সেই সময় থেকে আমদানিকারক ও রিফাইনাররা দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। তাদের আশঙ্কা ছিল, মূল্য সমন্বয় না হলে তারা ধারাবাহিক লোকসানের মুখে পড়বেন এবং ব্যবসায়িক সক্ষমতা কমে যাবে।
সরকার বিষয়টি গুরুত্ব সহকারে একাধিকবার পর্যালোচনা করেছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বাজারদর, আমদানি খরচ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে দেখা গেছে, দাম কিছুটা বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী পুরোপুরি দাম না বাড়িয়ে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সীমিত পরিসরে এই সমন্বয় করা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ভোক্তারা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন। একই সঙ্গে এই মূল্য সমন্বয়ের ফলে আমদানিকারক ও রিফাইনারদের ওপর চাপ কিছুটা কমবে এবং বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।
