আন্তর্জাতিক

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, দুই শহরের সিটি হলে ভাঙচুর

  1. ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এদিকে দেশটির দুই বড় শহর লিল ও মার্সেইয়ের সিটি হল ভবনে ঢুকে ভাঙচুর চালিয়েছেন একদল বিক্ষোভকারী। এ ছাড়া লিঁও শহরের একটি পর্যটন কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, লিল ও মার্সেইয়ের সিটি হল ভবনে হামলা চালিয়ে বিভিন্ন আসবাব ও স্থাপনা ভাঙচুর করা হয়। পাশাপাশি ভবনের ভেতরে বিভিন্ন স্থানে রং দিয়ে আপত্তিকর ও নাশকতামূলক বার্তা লেখা হয়। লিলের তুলনায় মার্সেইয়ের সিটি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মার্সেইয়ের সিটি হলের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সেখানে নতুন করে দাঙ্গা পুলিশের দুটি ইউনিট মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।ফ্রান্সে সিটি হলগুলো স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব ভবন থেকেই শহরের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।এদিকে প্যারিসের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের অনেককে মুখে মাস্ক ও মাথায় হুডি পরে অংশ নিতে দেখা গেছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, লিঁও শহরের একটি পর্যটন কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই ২০১৮ সালের আলোচিত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন আবারও সক্রিয় করার আহ্বান জানানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।২০১৮ সালে ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক বৈষম্য এবং সাধারণ মানুষের ওপর আর্থিক চাপের প্রতিবাদে শুরু হওয়া ওই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।সাম্প্রতিক সময়ে ফ্রান্সে আবারও বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ বাড়ছে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শিক্ষার্থীরা শিক্ষাখাতে বাজেট কাটছাঁটের প্রতিবাদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের দাবিতে রাস্তায় নামেন। এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।দেশজুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।