বাংলাদেশ

সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

দেশজুড়ে ৩৩ হাজারেরও বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের সহযোগিতার ফলে এ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি…..

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে নির্বিঘ্নে পূজা-অর্চনা চলছে। পূজা উদযাপন কমিটিগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূজাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ও গুজব ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আইজিপি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

আইজিপি আরও বলেন, “আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সকল অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।”

পুলিশের অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। ওই সময় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছিল। ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছিল। তবে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

দেশ থেকে অন্যায়, বৈষম্য ও অপশক্তি দূর করার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশপ্রধান।

এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। তারা বলেন, পুলিশের নিরাপত্তাব্যবস্থার কারণে ভক্তরা নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।