মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল, তবে মরক্কোও কম নয়
বিশ্বকাপের মূল পর্বের উত্তেজনা অবশেষে শুরু হতে যাচ্ছে। যদিও বাংলাদেশে এখনো সেই উন্মাদনা পুরোপুরি ছড়িয়ে পড়েনি, তবে কয়েকটি ম্যাচ পেরোলেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
ভোর ৪টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী দল মরক্কো, যারা সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ইতিহাস গড়েছিল। ফলে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
ব্রাজিল সমর্থকদের জন্য এটি বিশেষ আকর্ষণের ম্যাচ হলেও নজর থাকবে আর্জেন্টিনা ভক্তদেরও। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের হোঁচট দেখার আশায় অনেকেই মরক্কোর পক্ষ নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের কথার লড়াই ইতোমধ্যেই বেশ জমে উঠেছে।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল, তবে মরক্কোও কম নয়………..
তবে মাঠের লড়াইই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কারা হাসবে বিজয়ের হাসি। তার আগে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল।
এ পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, আর একটি ম্যাচে জিতেছে মরক্কো।
১৯৯৭ সালে প্রথম সাক্ষাতে প্রীতি ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। পরের বছর বিশ্বকাপের মঞ্চে আবারও জয় তুলে নেয় ব্রাজিল, এবার ৩-০ গোলের ব্যবধানে। তবে সর্বশেষ ২০২৩ সালের প্রীতি ম্যাচে প্রতিশোধ নেয় মরক্কো। ‘আটলাস লায়ন্স’ খ্যাত দলটি ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।
সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর ফুটবলে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তারা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত। ফিফা র্যাঙ্কিংয়েও তার প্রতিফলন দেখা যায়। ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের ঠিক পরেই রয়েছে সপ্তম স্থানে থাকা মরক্কো।
পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং দুই দলের শক্তিমত্তা বিবেচনায় ব্রাজিল-মরক্কো লড়াইটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। ছয় ও সাত নম্বর র্যাঙ্কিংধারী দুই দলের এই মহারণে জমজমাট ফুটবল উপভোগের অপেক্ষায় সমর্থকরা।
