রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, ফিরেছে নিজস্ব সাইনবোর্ড
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড আবারও টাঙানো হয়েছে। ক্লিনিকটি দখলমুক্ত ঘোষণা করে হামলার পর লাগানো অন্য সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক-সংশ্লিষ্টরা সেখানে থাকা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়।
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, ফিরেছে নিজস্ব সাইনবোর্ড….
হামলা ও ভাঙচুরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এরই মধ্যে ক্লিনিকটিতে সংস্কারকাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে এতে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে নিতে বাইরে চেয়ার-টেবিল বসিয়েও সেবা দেওয়া হচ্ছে।
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, ফিরেছে নিজস্ব সাইনবোর্ড…..
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
