সংসদে কথা বলতে দেওয়া হয় না, জনসভায় গেলে বোমা-ককটেল হামলার অভিযোগ নাহিদ ইসলামের
দেশে আবারও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ একটি দলের শাসনের অবসান ঘটিয়ে আরেকটি দলের লুটপাট ও দুর্নীতির জন্য জীবন দেয়নি; তারা চেয়েছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
সংসদে কথা বলতে দেওয়া হয় না, জনসভায় গেলে বোমা-ককটেল হামলার অভিযোগ নাহিদ ইসলামের……..
পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, অতীতে দেশের মানুষ দীর্ঘ সময় এমন একটি শাসনব্যবস্থা দেখেছে, যেখানে ভিন্নমত প্রকাশের সুযোগ ছিল না। এখনো বিরোধী কণ্ঠ দমনের চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, সংসদে তাদের কথা বলতে দেওয়া হয় না, আর জনসভায় বক্তব্য দিতে গেলে বোমা ও ককটেল নিক্ষেপের মতো ঘটনার মুখোমুখি হতে হয়।
আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেউ যদি আবার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করে, তবে তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। দীর্ঘ ১৬ বছরের শাসনের পর আওয়ামী লীগের পরিণতির কথাও তিনি স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে হামলার চেষ্টা করা হলেও সখীপুরের মানুষ তা সফল হতে দেয়নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালে দেশের তরুণরা পরিবর্তনের প্রত্যাশায় আত্মত্যাগ করেছে। কিন্তু যদি মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট বন্ধ না হয়, তবে সেই আত্মত্যাগের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। জনগণ কোনো একটি গোষ্ঠীর পরিবর্তে আরেকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করেনি বলেও মন্তব্য করেন তিনি।
বিচার ও আইনের শাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে বিচার প্রক্রিয়ার নামে নিরীহ মানুষকে হয়রানি কিংবা মামলা বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন এবং সরকারের বিভিন্ন নীতি, দ্রব্যমূল্য পরিস্থিতি, কর্মসংস্থান সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
