সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ ভারপ্রাপ্ত স্পিকারের
জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ ভারপ্রাপ্ত স্পিকারের………
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে এবং আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ঘটনার প্রকৃত কারণ নির্ণয়, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
