সমঝোতার আশায় ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ তথ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত এক পোস্টে জানান।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরিসরের সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল। তবে সম্ভাব্য একটি কূটনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় তিনি সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কারণ, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করেন।
সমঝোতার আশায় ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প…………
ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য ওই চুক্তির আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত নিরাপত্তা হুমকির অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি লেখেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা স্থগিত করতে সম্মত হয়েছি। তবে এর জন্য দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়া জরুরি।”
এছাড়া ট্রাম্প দাবি করেন, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরাইলও একমত হয়েছে। পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সম্ভাব্য এই সমঝোতা এবং হামলা স্থগিতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
