সুন্দরবন উপকূলে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি
সাতক্ষীরা, ১০ জুন: সুন্দরবনের উপকূলীয় নদীপথ ব্যবহার করে বাংলাদেশে অবৈধভাবে লোকজন প্রবেশ করানোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি ও সর্বোচ্চ সতর্ক অবস্থানের কারণে কোনো ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা চলেছে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির টানা টহল, সতর্ক নজরদারি এবং কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
সুন্দরবন উপকূলে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি…………..
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী নদীপথ ও স্পর্শকাতর এলাকাগুলোতে রাতভর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিং ও হুইসেলের মাধ্যমে বিএসএফকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যাতে তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
