হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে…………
এ ছাড়া, এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৭৯ জন। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৬৫৬ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৩ হাজার ৬৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে হাম প্রতিরোধ সম্ভব। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করছেন তারা।
