Uncategorized

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এসব মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে আদালতের রায় কার্যকরের কথাও উল্লেখ করেন।

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম…………

এ সময় হাসানুল হক ইনুর রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচিত ইনুর জন্য ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি বলেন, উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করছে তার দল।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, কেবল আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই দায়িত্ব শেষ হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *