প্রয়োজন শেষে ব্যারাকে ফিরছে সেনারা: সেনাপ্রধান
দেশের প্রয়োজনে দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে সেনাবাহিনী দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করেছে, যা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছে।”
প্রয়োজন শেষে ব্যারাকে ফিরছে সেনারা: সেনাপ্রধান…………
তিনি আরও বলেন, টানা প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা, শৃঙ্খলা ও নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এবারের প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।
জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ফরমেশনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
