ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত দাবি করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ মাসে দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর আওতায় একটি তদন্ত কমিশন গঠন প্রয়োজন বলে তারা আদালতের কাছে আবেদন করেছিলেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে এসব বিষয় উপেক্ষা করতে না পারে, সে লক্ষ্যেই তদন্তের দাবি জানানো হয়েছিল।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে ঘটে যাওয়া ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছিল এবং তদন্তের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা সরকারই নির্ধারণ করবে।
উল্লেখ্য, আগের শুনানিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা নেওয়ার জন্য সময় চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। তবে আজ শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।
