বদলাচ্ছে র্যাবের নাম, হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের এই এলিট বাহিনীটি শিগগিরই নতুন পরিচয়ে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ নামে কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে খুব দ্রুত সরকারি আদেশ জারি করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি জানান, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে
বদলাচ্ছে র্যাবের নাম, হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’….
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, র্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’ রাখা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রায় ২২ বছর পর বাহিনীটির নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাম পরিবর্তনের পাশাপাশি র্যাবের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমেও প্রয়োজনীয় সমন্বয় আনা হবে।
